সহিংসতার দায় অস্বীকার করে খালেদা জিয়ার ‘বিস্ময়’
গেল সপ্তাহ থেকে ১৮ দলের ডাকা দুইদফা অবরোধ কর্মসূচীতে দেশব্যাপী সহিংসতা ও অগ্নিসংযোগের দায় অস্বীকার করে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাতে সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিটির শুরুতেই খালেদা জিয়া সহিংসতার কথা ইঙ্গিত করে বলেন, “আমি বিস্মিত, হতবাক, ক্ষুব্ধ ও বেদনাহত”
এসব সহিংসতায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বিরোধীদলীয় নেতা দু:খ প্রকাশ করেন।
খালেদা জিয়া বিবৃতিতে বলা হয়, “আমাদের নেতা কর্মীরা আন্দোলনে নেমে প্রতিদিন পুলিশ-র্যাব-বিজিবি ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে জীবন দিচ্ছেন। দেশের শান্তিপ্রিয় নিরপরাধ জনগণ আমাদের প্রতিপক্ষ নন।
“আমাদের আন্দোলন দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে। আমাদের আন্দোলন সাধারণ মানুষের প্রাণসংহার ও তাদের ব্যাক্তিগত সম্পদহানির জন্য নয়।”
সারাদেশে জননিরপত্তা ব্যবস্থার অবনতির জন্য আওয়ামীলীগের ক্ষমতায় থাকার ‘উদগ্র বাসনাকে’ দায়ী করে তিনি বলেন, “চরম আক্রমণাত্মক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার রক্ষা করতে এবং প্রহসনের একতরফা নির্বাচনের আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট ও অন্যান্য গণতান্ত্রিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন যখন আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের পাশাপাশি অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তরা নিরীহ নিরপরাধ সাধারণ মানুষের ওপর পৈশাচিক হামলা চালিয়ে তাদের জীবন কেড়ে নিচ্ছে।”
গত সপ্তাহের সোমবার থেকে আঠারো দলের দুই দফা অবরোধে সোমবার পর্যন্ত অন্তত ২৭ জন মারা গেছেন। বিপুল সংখ্যৌক যানবাহন ভাঙচুরসহ রেলপথজুড়ে চলেছে ব্যাপক নাশকতা।
অগ্নিসযোগ ও বোমাবাজিতে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎ নিতে এসেছেন ৫১ জন।
এদের মধ্যে ৯ জন মারা গেছেন, ৩৭ জন এখনো চিকিৎসাধীন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাধারণ মানুষের অগ্নিদগ্ধ হওয়ার এসব বিষয়ে নিজ বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “ যাত্রীবাহী যানবাহনে বোমা মেরে, আগুন দিয়ে নাগরিকদের জীবন্ত দগ্ধ করা হচ্ছে। বৃদ্ধ, নারী ও শিশুরা শিকার হচ্ছে এই জঘন্য হামলার।অগ্নিদগ্ধ মানুষরা হাসপাতালে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে।”
১৮ দলীয় জোটের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, “বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট, অন্যান্য গণতান্ত্রিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন সহ আন্দোলনরত প্রতিটি নেতা কর্মীদের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি, দেশের কোথাও যেন নিরপরাধ মানুষের ওপর হামলা না হয়। কোথাও যেন তাদের সম্পদ নষ্ট করা না হয়।”
