সিলেট সার্কিট হাউসে বোমা বিস্ফোরণ
সিলেট সার্কিট হাউসে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার সময় কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে এ বোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার আহসান সামি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আহসান সামি জানান, সোমবার সন্ধ্যায় ৫টি মোটর সাইকেলে ১০-১৫ জন যুবক সার্কিট হাউসের সামনে আসে।
তারা বাইরে মোটর সাইকেল রেখে সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে।
পরে সার্কিট হাউসের পুরাতন তিনতলা ভবনের বারান্দায় ৮টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ সময় যুবকরা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে সার্কিট হাউসের বারান্দা থেকে একটি তাজা হাতবোমা ও চারটি বিস্ফোরিত হতবোমার খোসা উদ্ধার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা সামী বলেন, হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
