২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে রাতভর মহাসড়কে তাণ্ডব, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতভর তাণ্ডব চালিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাক চালক-সহকারী ও পুলিশসহ সাতজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাড়িতে আগুন-ভাংচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অবরোধকারীরা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের মধ্যে রোববার সন্ধ্যায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

“এরপর রাতেই অবরোধকারীরা গাড়ি ভাংচুর শুরু করে। আগুনে এক ট্রাক চালক দগ্ধ হয়েছেন। ইটের আঘাতে অন্য এক চালক ও তার সহকারী আহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ মোট আট অবরোধকারীকে গ্রেপ্তার করা হয়েছে।”

বিভিন্ন স্থানে অবরোধকারীদের ছোড়া ইট ও হাতবোমার বিস্ফোরণে এক উপ-পরিদর্শক ও তিন কনস্টেবল আহত হয়েছেন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাদশা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়। পুরো মহাসড়ক জুড়েই ধীরে ধীরে যান চলাচল বাড়তে থাকে।

এক পর্যায়ে রাত ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট, সলিলমপুর, সুলতানা মন্দির, বটতল ও কুমিরা এলাকায় যান চলাচলে বাধা দেয়া শুরু করে অবরোধকারীরা।

রাত সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্থানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে সীতাকুণ্ড থানার বটতল এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে  চালক মো. ইয়াসিন (৩১) দগ্ধ হন।

আহত ইয়াসিন চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর এলাকার হোসেন আহমদের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাতজুড়ে তাণ্ডবে  বিভিন্ন স্থানে মোট সাতটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। 

সোমবার সকালে সীতাকুণ্ডের বাইপাসে একটি ট্রেইলারে হামলা চালায় অবরোধকারীরা।

এসময় ইটের আঘাতে চালক মো. মামুন (২৫) ও  তার সহকারী মানিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানিয়েছেন।