২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ রকম মৃত্যু আর চাই না’ স্লোগানে অনশন

রাজনৈতিক সংঘাতে মানুষ হত্যার ঘটনা বন্ধের দাবিতে অনশন চলছে রাজধানীর শাহবাগে। ‘জাগ্রত জনতা’ ব্যানারে ৪৮ ঘণ্টার এই অনশন চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 01:13 AM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রাজনৈতিক কর্মসূচি থেকে অগ্নিদগ্ধ হয়ে মানুষকে মরতে দেখে এই কর্মসূচি ডাকা হয়েছে বলে জানিয়েছেন ‘জাগ্রত জনতার’ আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জাকিয়া কামাল মুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো রাজনৈতিক দলের অনুসারী হয়ে নয়, বিবেকের তাড়নায় এই কর্মসূচিতে বসেছেন।

“আমরা কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যাই। সেখানে সাধারণ নিরীহ মানুষের ভয়ঙ্কর আর্তচিৎকারে আমরা থাকতে পারিনি।”

“মানুষের যত রকম রোগই থাকুক না কেন, আগুনে পুড়ে যাওয়ার পর সেই ব্যথার চেয়ে বড় কোনো যন্ত্রনা নেই,” বলেন এই চিকিৎসক।

নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের মতদ্বন্দ্বের ফলে দেশজুড়ে সংঘাত চলছে। বিরোধী দলের অবরোধ-হরতালে গত কয়েক সপ্তাহে ৩০ জনের বেশি নিহত হয়েছে।

এর মধ্যে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েও মারা গেছেন কয়েকজন।    

জাগ্রত জনতার অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেখানে কেন সাধারণ নিরপরাধ মানুষকে আগুনে পুড়তে হবে। তাদের দোষটা কোথায়?”

কুতুব উদ্দিন তাদের অনশন কর্মসূচিতে সাধারণ মানুষকে একাত্মতা প্রকাশের আহ্বান জানান।