বিএনপিকর্মীদের বাধায় চট্টগ্রামে ট্রেন চলাচল ব্যাহত
অবরোধ ও হরতালের মধ্যে বিএনপিকর্মীদের বাধায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
ফাইল ছবি
বিএনপিকর্মীরা রোববার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একে খান রেল গেইটে অবস্থান নিয়ে লাইনের পাশে আগুন ধরায় এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধ ও হরতালের বাধায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস পাহাড়তলী স্টেশনে আটকা পড়ে।
পরে অবরোধকারীরা সরে গেলে ১১টার দিকে চট্টলা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে শামসুল আলম জানান।
এদিকে সকালে অলঙ্কার মোড়েও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় টিয়ার শেল ছোঁড়ে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
এছাড়া বিএনপি নেতাকর্মীরা সকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে হরতালের সমর্থনে সমাবেশ করে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন এবং দলের সাংগঠনিক সম্পাদক আকবর খন্দকার ও তার ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথসহ ছয়জন গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম জেলায় রোববার সকাল-সন্ধ্যা এই হরতাল করছে দলটি।
