২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ. লীগ নেতা শাহীন চাকলাদারের সমর্থকদের ভাংচুর

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না মেলায় যশোরে ভাংচুর করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 12:48 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

একই কারণে ঝিকরগাছা উপজেলা সদরে বিক্ষোভ করেছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের সমর্থকরা।

যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বলেন, শাহীন চাকলাদারকে মনোনয়ন না দেয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার সমর্থকরা শহরের অন্তত ৩০-৪০টি দোকানে ভাংচুর চালায়। 

এসময় শহরের দড়াটানা, গাড়িখানা রোড, মনিহার এলাকা, খাজুরা বাসস্ট্যান্ড, কাজিপাড়াসহ অন্তত ১০টি স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

যশোর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাহীন চাকলাদার। সেখানে কাজী নাবিল আহমেদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে যশোর-২ আসনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা দোকান পাট ভাংচুর ও যশোর-বেনাপোল সড়ক অবরোধ করেছে।

এসময় তারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের বাড়িতেও হামলা চালায়। হামলা হয় তার গাড়িতেও।

যশোর-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।