চবির শনিবারের ভর্তি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথমবর্ষের শনিবারের কলা ও মানববিদ্যা অনুষদের বি২ থেকে বি৭ পর্যন্ত সব ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর মধ্যে শনিবার সকালে বি২ (আরবিও ইসলামিক স্টাডিস), বি৪ (পালি), বি৫ (নাট্যকলা), বি৬ (সংস্কৃত) এবং শনিবার বিকালে বি৩ (চারুকলা) এবং বি৭ (ইন্সটিটিউট অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং) এর পরীক্ষা হওয়ার কথা ছিল।
ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের ভর্তির সকল লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
এদিকে শনিবারে অনুষ্ঠেয় সমাজবিজ্ঞান অনুষদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
শনিবার ডি ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদের) মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে ডি২ (বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থী) শনিবার সকালে এবং ডি৩ (বাণিজ্য থেকে আসা) শনিবার বিকালে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ছিল।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবীর জানান, শনিবারের মৌখিক পরীক্ষাগুলো ৬ ডিসেম্বর হবে।
