ফের ৭২ ঘণ্টার অবরোধ
বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেয়া এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
অবরোধের মধ্যে বাসে বোমা হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘণ্টা ছয়েক পর দ্বিতীয় দফার এই অবরোধ আসে।
রিজভী বলেন, “আমরা সারাদেশে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু সরকার ও পুলিশ আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। উল্টো তারা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা ওই মামলায় ফখরুল ছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে আসামি করা হয়েছে।
রিজভী বলেন, “এরকম পরিস্থিতিতে আমরা সারাদেশে টানা ৭২ ঘন্টার রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।”
শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এই অবরোধ চলবে বলে জানান তিনি।
এর আগে তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকে ২৬ নভেম্বর থেকে টানা ৭১ ঘণ্টার অবরোধে সারা দেশে রেলপথজুড়ে নাশকতা চলে, ভাংচুর চালিয়ে আগুন দেয়া হয় অসংখ্য যানবাহনে। বিভিন্ন স্থানে নাশকতা ও সংঘর্ষে নিহত হন অন্তত ২০ জন।
রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ-সমাবেশের অনুমতি ‘না দেয়া’, জাতীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের, ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘জুলম-নির্যাতনের’ প্রতিবাদে এবারের অবরোধ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সমালোচনা করে রিজভী বলেন, “তিনি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এই আজ্ঞাবহ কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
‘সর্বাত্মকভাবে’ অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান রিজভী।
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ যেদিন শেষ হবে, সেদিনই দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
৫ জানুয়ারি ভোটের দিন রেখে যে তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তাতে ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বেঁধে দিয়েছে নিবাচন কমিশন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি বর্তমান নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
