২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দিনাজপুর, নাটোর ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এর মধ্যে দিনাজপুরে দুইজন এবং নাটোর ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি জানান, শুক্রবার দিনাজপুরের বিরল ও পার্বতীপুর উপজেলায় ট্রাকচাপায় দুই জনের মৃত্যু হয়।

বিরল থানার ওসি আমিনুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে কাঞ্চন মোড়ে একটি ট্রাক এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদিকে বেলা ১২টার দিকে পার্বতীপুরের ভবেরবাজারে দিনাজপুরগামী একটি ট্রাকচাপায় সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হন বলে পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান জানান।

সোহাগ নতুন বাজার এলাকার জব্বুর আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, জেলার চানপুরে বাসচাপায় আশিক হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।

নিহত আশিক সদর উপজেলার চৌগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার আলফাডাঙ্গায় শুক্রবার ভোরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত শেখ আরকান (৭০) আলফাডাঙ্গার গোপালপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গোপালপুর বালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আলফাডাঙ্গা থানার ওসি গোলাম কিবরিয়া জানান।

তিনি বলেন, আরকান ফজরের নামাজের পর মধুমতি নদীতে গোসল করতে আরকান বালুর ঘাট এলাকায় গেলে একটি খালি ট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরকানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।