হিন্দু বাড়ি-দোকানে হামলা, লালমনিরহাটে আটক ২
লালমনিরহাটের পাটগ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি বাড়িসহ দোকানপাটে হামলা ও ভাংচুর করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের কাফির বাজারে ওই দুটি বাড়ি ও পাঁচটি দোকানে তারা ভাংচুর করেছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য জামায়াত কর্মী নজরুল ইসলাম (৩৮) ও শিবির কর্মী মোস্তাকিম হোসেনকে (২৩) আটক করে।
তিনি জানান, স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা দেশী অস্ত্রসহ রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিত ঘোষ তাপসের গ্রামের বাড়িসহ অপর একটি বাড়িতে এবং কাফির বাজারে হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগ সমর্থকদের পাঁচটি দোকানে ব্যাপক ভাংচুর করে।
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হক, পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওয়াজেদুল ইসলাম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
