২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভাংচুর-অগ্নিসংযোগ, আটক ৪

অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জে গাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বাধা দিতে গেলে স্থানীয় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 12:06 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বৃহস্পতিবার সকালে জামায়াত-শিবির কর্মীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে আগুন দেয়।

কাছাকাছি সময় আড়াইহাজারে  ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় বিএনপির কর্মীরা। এ সময় বিএনপির চার কর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  ছাত্র শিবিরের কর্মীরা সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের উপর লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ব্রিজের পাশে কর্মরত বালু ঘাটের শ্রমিকরা শিবির কর্মীদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে  পুলিশ এসে  ফাঁকা গুলি ছুড়লে শিবিরকর্মীরা পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, জামায়াত-শিবিরকর্মীরা কাঁচপুর ব্রিজের উপর ট্রাকে আগুন দিলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সকাল পৌনে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল বের করে বিএনপি কর্মীরা। এসময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয়। ১০  থেকে ১২টি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।

বাধা দিলে পুলিশের ব্যবহৃত একটি গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে তারা। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় তিন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, “আড়াইহাজারে নয়, নরসিংদীর সীমান্ত এলাকায় বিএনপির কর্মীরা সড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছিল। তাদের চার জনকে আটক  করা হয়েছে।”