সাতকানিয়ায় শিবিরকর্মীদের ইটে যুবক নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধী দলের অবরোধের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ইটের আঘাতে নিহত হয়েছেন এক যুবক।
বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের হাশমতের দোকান এলাকায় আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মোহাম্মদ শাহেদ (২০)। তার বাড়ি সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের খোন্দকারখিল গ্রামে।
নিহতের ভাই মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহেদ অসুস্থ বড় বোনকে দেখতে নসিমনে করে কেরানীহাট যাচ্ছিল। পথে হামলার মুখে পড়ে তাদের নসিমন।
স্থানীয়রা জানায়, শিবিরকর্মীরা ইট ছোড়ার পাশাপাশি হাতবোমার বিস্ফোরণও ঘটায়। তখন দ্রুত চলতে গিয়ে নসিমনটি উল্টে যায়। শাহেদের বুকে ইটের আঘাত লাগে।
শাহেদকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সাতকানিয়া সার্কেল) এমরান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধকারীদের ইটের আঘাতে একজন আহত হলে তাকে চট্টগ্রাম পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুকে গভীর ক্ষত নিয়ে ভর্তি হওয়া শাহেদ রাত ১০টার দিকে মারা যান।
