নওগাঁয় অধ্যক্ষের উপর হামলা, শিক্ষকদের কর্মবিরতি
নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ তুলে বুধবার থেকে শিক্ষকরা পরীক্ষা ও ক্লাস বর্জন শুরু করেছেন।
কলেজ শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বাবু বলেন, হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে স্টাফ কাউন্সিলের বৈঠকে ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত হয়।
এদিকে মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অধ্যক্ষ নিজেই বাদী হয়ে ওইদিন রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।
অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ছালামুতুল্লাহ বলেন, “ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে থানায় মামলা করেছি।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বাবু জানান, মঙ্গলবার দুপুরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অধ্যক্ষকে মারধর করে।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মাহাফুজুর।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মোহসিন আলী চৌধুরী জানান, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের যারাই জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
