২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদরীপুরে ‘পিটিয়ে হত্যা’, ৬ পুলিশ বরখাস্ত

পিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মাদারীপুরে ছয় পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

উত্তম কুমার পাল বলেন, বরখাস্তরা হলেন- এসআই আসাদুজ্জামান, রমজানুল ইসলাম, আমিনুল ইসলাম, এএসআই জুয়েল রহমান, আবুল কালাম আজাদ ও হারুনুর রশীদ। তাদের মাদারীপুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

মারধরে স্থানীয় অটোরিকশা চালক সিরাজ খানের (৫৫) মৃত্যুর ঘটনায় এই তিন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয় বলে তিনি জানান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন বলেন, “মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি আমি।

“আমি তার শরীর প্রাথমিকভাবেও পরীক্ষা করে দেখিনি।”

প্রত্যক্ষদর্শী স্থানীয় গুড় বিক্রেতা সিরাজ সিকদার জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিহত সিরাজ তার একটি পুরনো অটোরিকশা ৪৫ হাজার টাকায় বিক্রি করে শিবচর পৌর শহরের মোল্লাকান্দি এলাকার নিজের বাড়ির পাশে মুদি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।

এ সময় শিবচর থানার এসআই আসাদুজ্জামান, রমজানুল ইসলাম, আমিনুল ইসলাম, এএসআই জুয়েল রহমান, আবুল কালাম আজাদ ও হারুনুর রশীদ সেখানে এসে সিরাজের কাছে কোথায় জুয়া খেলা হয় জানতে চান।

সিরাজ পুলিশের ‘জানি না’ বললে তাকে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান লাথি দেয় এবং পরে পাশে সরিয়ে নিয়ে দেহ তল্লাশি চালাতে গেলে সিরাজ বাধা দেন।

“এ সময় পুলিশ কর্মকর্তারা সিরাজকে বেধড়ক পেটায়।”

নিহতের দুই ছেলে মনির খান ও মানিক খান অভিযোগ করেন, মারধরের পর পুলিশরা তাদের বাবাকে একটি পুকুরে ফেলে রাখে।

মনির বলেন, “আমার বাবা একজন নিরীহ মানুষ। শিবচর থানার ছয়জন পুলিশ তাকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”