২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি নির্বাচনের পর

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক শুনানির পরবর্তী দিন ঠিক হয়েছে আগামী সংসদ নির্বাচনের পর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার অসমাপ্ত যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারিত দিনে হরতাল ও অবরোধ থাকায় তা হয়নি। আদালত আগামী ৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনের তারিখ সোমবারই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে অস্ত্র আটকের ঘটনায় করা দুটি মামলার বিচার কাজ চলছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ ডিসেম্বর থেকে আদালতের শীতকালীন অবকাশ শুরু হবে। এরপর ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার।

“তাই নির্বাচনের পর ৭ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।”

গত সোমবার আদালতে যুক্তিতর্ক শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ।

পিপি কামাল বলেন, “আজ  শুনানি হলে আমার যুক্তি উপস্থাপন শেষ হয়ে যেত। এ নিয়ে মোট ৩৪ কার্য দিবস হরতালের কারণে শুনানি হল না। এটা অত্যন্ত দুঃখজনক।”

নির্বাচনে সরকার পরিবর্তন হলে মামলার ভবিষ্যত নিয়েও সন্দিহান এ আইনজীবী।

“সরকার পরিবর্তন হলে কী হবে, জানি না। তবে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা আলোচিত অস্ত্র মামলা। বিগত জোট সরকারের আমলে এ ঘটনায় মামলা হয়। কিন্তু তখন কিছু শ্রমিক, চালক ও ঘাট এলাকার মানুষকে আসামি করা হয়েছিল।”

“সরকার পরিবর্তন হলে যদি মামলা প্রত্যাহার হয়, তাহলে ধরে নিতে হবে তাদের সম্পৃক্ততা ছিল। জাতির কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।”

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন সারকারখানা সিইউএফএলের জেটঘাটে ট্রলার থেকে নামানোর সময় ১০ ট্রাক পরিমাণ অস্ত্র আটক করে পুলিশ।

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির রাসেলের আবেদনে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন ১০ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।

সম্পূরক অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ নতুন ১১ জনকে আসামি করা হয়। এতে মোট আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে।

এরপর ২০১১ সালের ২৯ নভেম্বর আবার এই দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।