অনির্দিষ্টকালের ধর্মঘটে মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।
সোমবার সকাল ৯টায় ধর্মঘট শুরুর পর থেকে কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।
শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ ভাতা এবং দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেয়া।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে ২১ অক্টোবর, ৪ ও ১৭ নভেম্বর এবং সর্বশেষ ২৪ নভেম্বর মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাছে দাবিগুলোর বিষয়ে চিঠি দেয়া হয়।
“কিন্তু কর্তৃপক্ষ গুরুত্ব না দেয়ায় বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছি।”
তাদের পাঁচ দফা দাবির বাকি তিনটি হলো- ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল, ডিপ্লোমাদের মৌলিক পরীক্ষা চালু এবং ছাঁটাই বন্ধ করা।
মধ্যপাড়া খনির ৩২০ জন শ্রমিক-কর্মচারী এ ধর্মঘটে অংশ নিয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে ধর্মঘটের বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
