চুয়াডাঙ্গায় বিএসএফের হাতে বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।
রোববার ভোরে উপজেলার বেনীপুর সীমান্ত থেকে আশাদুল হক নামের ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আমাদুল জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
তবে, বিএসএফ কোনো বাংলাদেশিকে আটকের কথা অস্বীকার করেছে।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, চার বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভোররাতে ভারতীয় সীমানায় প্রবেশ করে।
এলাকবাসীর বরাত দিয়ে তিনি বলেন, পরে তিনজন ফিরে এলেও আশাদুল হক ভারতের ভেতরে ধরা পড়েন।
আশাদুলকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হলে দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিএসএফ জানিয়েছে, তাদের কাছে কোনো বাংলাদেশি আটক নেই।
