মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম যেন গর্ব করতে পারে সেজন্য, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সন্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। ভবিষ্যত প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করতে পারে।”
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এই অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনদের হাতে সম্মানী চেক ও উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “লাখো শহীদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করা এবং তাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দানে আমাদের সরকার আন্তরিক।”
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধিসহ তাদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “যদিও আমি ভাতার কথা বলছি। এটা কিছুই না। যে অবদান তারা আমাদের জন্য রেখেছেন- অর্থ দিয়ে তার মূল্যায়ন করা যায় না।”
বর্তমান সরকার বিগত চার বছরে দুইবার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার পরিমাণ ও ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করেছে। বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা পাঁচ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।
২০০৯-১০ অর্থ বছরে বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা এগারো হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০০ টাকা করা হয়েছে এবং আড়াই হাজার শহীদ পরিবারের ভাতা বাড়িয়ে সাত হাজার ২০ টাকা করা হয়েছে।
২০১০-১১ অর্থ বছরে সাত হাজার ৮৩৮ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে ৬১ কোটি সাড়ে ৭ লাখ টাকা রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেয়া হয়েছে।
২০১১-১২ অর্থ বছরে এই ভাতার পরিমাণ আরো ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে বর্ধিত হারে সম্মানী ভাতা দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০ শতাংশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত দেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রী পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনদের সঙ্গে চা চক্রে মিলিত হন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের নতুন ভবন ও স্বাধীনতা টাওয়ারের উদ্বোধন করেন।
