এরশাদের বাড়িতে ভারতীয় হাইকমিশনার
রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন।
বুধবার বিকেলে এরশাদের বাসায় এ বৈঠক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন বাবলু।
আওয়ামী লীগের সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দিয়ে বহুদলীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া জাতীয় পার্টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বাবলু এরশাদ-পঙ্কজ বৈঠকে উপস্থিত ছিলেন।
“এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।”
ঘন্টাব্যাপি আলোচনার বিষয়ে আর কিছু বলতে রাজি হননি জিয়া উদ্দিন।
ফাইল ছবি
বেশকিছুদিন ধরেই এরশাদসহ জাতীয় পার্টির নেতারা বলে আসছিলেন, তারা আর মহাজোটে থাকবেন না।
সোমবার জোট ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনকালীন অন্তর্বর্তী মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হওয়ার জন্য জাতীয় পার্টির পাঁচ নেতা শপথ নেন।
