সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হন অন্তত চার জন।
মঙ্গলবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার টিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত আসাইদ আলীর ছেলে জাকির হোসেন (৩০) ও অটোরিকশার যাত্রী বিয়ানীবাজারের আলীনগর গ্রামের মজির আহমদের ছেলে সালাহ উদ্দিন শিপলু (২২)।
আহতদের মধ্যে বিয়ানীবাজারের চারখাই আদিনাবাদ কোনাগ্রামের দুদু মিয়ার স্ত্রী সাবানা বেগম (৩৫), তার ছেলে মাজেদ আহমদকে (৭) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাকি দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জমশেদ আলী জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি পিকাপ ভ্যান ও সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
