২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের প্রশাসককে তলব

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

আদালত অবমাননার একটি অভিযোগের শুনানিতে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী ১০ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।

২০০৬ সালে স্থানীয় বিএনপি সাংসদ নাসিরউদ্দীন আহমেদ পিন্টুর ঠিকাদারী প্রতিষ্ঠান আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে কবর ভেঙে রাস্তার কাজ শুরু করে। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ওই বছর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে একটি রিট দায়ের করে।

রায়ে সেখানে নির্মাণাধীন পিলার, নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সীমানা প্রাচীর পুননির্মাণের আদেশও দেয়া হয়। এজন্য সিটি কর্পোরেশনকে তিন মাস সময় দেয়া হয়।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় পরে হাই কোর্ট সিটি কর্পোরেশনের এই তিন ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। এরপরও আদেশ বাস্তবায়ন না হওয়ায় রিটকারী সংগঠন বিবাদীদেরকে আদালতে হাজির করতে একটি আবেদন দেয়। ওই আবেদনের শুনানি করে তাদেরকে তলব করা হয়।