২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চক্র’ সক্রিয়, ব্যবস্থা নিন: পোশাক শিল্প মালিকদের আহ্বান

পোশাক শিল্পে সাম্প্রতিক অসন্তোষের পেছনে একটি মহলের চক্রান্ত রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ-সংঘাতের পর মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আহ্বান জানান বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

সচিবালয়ে বৈঠকের পর বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, “আমাদের অক্ষমতা সত্ত্বেও সরকার কর্তৃক নির্ধারিত ৫৩০০ টাকা বেতন মেনে নিয়েছি। কিন্তু তারপরও এই অরাজকতা কেন?

এর কারণ সরকারকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের দুই সংগঠনের নেতারা।

কারা এ অরাজকতা করছে জানতে চাইলে হাতেম বলেন, “যে চক্রটি অরাজকতা করছে। তারা আট হাজার টাকা বেতন দেয়া হলেও করবে। সরকারকেই ওই চক্রকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম নেতৃত্বাধীন শিল্প মালিকদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, “মূলত যে রাজনৈতিক নেতারা গার্মেণ্ট সেক্টরে ইন্ধনদাতা, তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।”

কোন  রাজনৈতিক নেতারা পোশাক খাতের অস্থিরতার সঙ্গে ‘জড়িত’ জানতে চাইলে টুকু বলেন, “চিহ্নিত করার পরই জানা যাবে কারা জড়িত।”

বৈঠকে পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার, বিজিবির প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।