‘স্বামীর’ ছুরিকাঘাতে খুন হলেন রুবি
গাইবান্ধার ফুলছড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে এ ঘটনার সময় স্বামী নিজের পেটেও ছুরিকাঘাত করেন বলে পুলিশ জানিয়েছে।
এক সন্তানের জননী নিহত রুবি আক্তার (২২) পূর্ব কঞ্চিপাড়া গ্রামের বালাসীঘাট এলাকার কার্তিক দাসের মেয়ে। বিয়ের সময় তিনি ধর্মান্তরিত হন।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, দুই বছর আগে একই গ্রামের আকালু শেখের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন তিনি। তখন নাম পরিবর্তন করে রিতা দাস থেকে রুবি আক্তার হন।
এলাকাবাসীর বরাত দিয়ে মশিউর জানান, সোমবার রাত ১২ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের এক পর্যায়ে আকালু ধারালো ছুরি দিয়ে রুবি আক্তারের পেটে আঘাত করে খুন করেন।
পরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের পেটেও ছুরি চালিয়ে জখম করেন। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে রুবির লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায় পুলিশ।
আকালু শেখকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
