চাঁদপুরে ১৬শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরে কয়েকটি কাজের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ৯টায় চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। ।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, প্রায় এক হাজার ৬শ’ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের উন্নয়ন কাজ শেষ হয়েছে।
এছাড়া প্রস্তাবিত কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও প্রধানমন্ত্রী স্থাপন করবেন বলে জানান জেলা প্রশাসক।
উদ্বোধনের জন্য প্রস্তুত প্রকল্পগুলো হল চাঁদপুর ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর)’, মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (চাঁদপুর), চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্মিত বহুতল ভবন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ এবং চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে ৬০০ লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতিও শেষ করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
