২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেম আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১০ ডিসেম্বর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর মামলায় সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 01:24 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতকি অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও রেজিয়া সুলতানা চমন।

সূচনা বক্তব্য শেষে আগামী ১০ ডিসেম্বর থেকে মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

এছাড়া আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রসিকিউশনকে মামলা সংশ্লিষ্ট সমস্ত ডকুমেন্ট আসামিপক্ষকে সরবরাহ করার নির্দেশও দেয়া হয়। একইসঙ্গে আসামিপক্ষকে সাফাই সাক্ষীর তালিকা প্রসিকিউশনকে দেয়ার জন্যও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এদিকে সূচনা বক্তব্য উপস্থাপনের আগেই প্রসিকিউশনের সাক্ষীদের বৃত্তান্ত, তদন্ত প্রতিবেদন এবং মামলা সংশ্লিষ্ট প্রসিকিউশনের নথিপত্রের অনুলিপি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর আসামিপক্ষের এ তিনটি আবেদন বিষয়ে দৃষ্টি আকর্ণ করেন আসামিপক্ষের কনিষ্ঠ আইনজীবী, মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম।

এসময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সংশ্লিষ্ট নথিপত্রের অনুলিপি সংক্রান্ত আবেদনটি গ্রহণ করলেও বাকি দুটি খারিজ করে দেয়।

সূচনা বক্তব্যে প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে সংঘঠিত অপরাধের বর্ণনা তুলে ধরেন।

মীর কাসেম আলীর অপরাধের ধরন এবং আইনের প্রয়োগ সংক্রান্ত বক্তব্য দেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

গত ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নীতি-নির্ধারকদের অন্যতম মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।

মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  

মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।

জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।

প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পরে তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি হন এবং সংগঠনটির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদকও হন।

মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে বলে অভিযোগ করা হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়। মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।