নির্মাণ শ্রমিকদের জন্য গোষ্ঠী বীমা
নির্মাণ শ্রমিকদের জন্য গোষ্ঠী বীমা স্কিম চালু করেছে সরকার।
সোমবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ নিয়ে জীবন বীমা করপোরেশনের সঙ্গে সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়।
সরকারের পক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ও জীবন বীমা করপোরেশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিৎ চত্ত চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী একজন নির্মাণ শ্রমিক ১৩শ’ টাকা দিয়ে প্রিমিয়াম শুরু করবেন। তবে এই ১৩শ’ টাকার ৬৬ শতাংশ সরকার দেবে। বাকি টাকা নির্মাণ শ্রমিক দুই কিস্তিতে দেবেন।
প্রথম দিনে ১৬৮ জন শ্রমিক এই গোষ্ঠী বীমা স্কীম শুরু করেন।
যুগ্ম-সচিব বলেন, পাঁচ বছর মেয়াদি এই বীমায় প্রথম কিস্তি দেয়ার পর শ্রমিক যদি মারা যান তাহলে তার পরিবার দুই লাখ টাকা পারেন। যদি দুর্ঘটনা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন- তাহলেও দুই লাখ টাকা পাবেন।
আর যদি দুর্ঘটনায় কোন অংঙ্গ হারান তাহলে এক লাখ পাবেন বীমাকারী শ্রমিক।
সভাকক্ষে উপস্থিত বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মো. নুরুল হক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বীমা চালু হওয়ায় ২২ হাজার নির্মাণ শ্রমিকের কিছুটা হলেও উপকার হবে।
সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।
