২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

গণিত পরীক্ষা দিয়ে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ২৮ নভেম্বর পর্যন্ত চলমান এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 11:38 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরার সময় এতথ্য জানান।

তিনি বলেন, “এবার ২৫ শতাংশ যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) প্রশ্ন থাকায় পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা থেকে বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়েছে। ১১টা থেকে দেড়টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।”

মন্ত্রী জানান, ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে মোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেবে।

এর মধ্যে  ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন প্রাথমিক সমাপনীতে,  আর ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন ইবতেদায়ী পরীক্ষার্থী।ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী ৬ হাজার ৪৫৭ জন।

দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবি, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপলি এবং ওমান কেন্দ্রে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

১১৫টি পরীক্ষা কেন্দ্রকে দুর্গম চিহ্নিত করে ওই সব কেন্দ্রে প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী।

আফছারুল জানান, এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে।

এর আগে আফছারুল আমীন জানিয়েছিলেন, পরীক্ষা শেষে আগামী ২৬ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এই সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।

প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী সূচি

২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী সূচি

২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্।