‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনে ‘যাবে না’ বিএনপি
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের পেছনে সরকারের একতরফা নির্বাচনের ‘ষড়যন্ত্র’ রয়েছে দাবি করে তার প্রতিবাদে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
সোমবার নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রীদের শপথ নেয়ার পর রাতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপিকে এই সরকারে যোগ দেয়ার আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে একে ‘তামাশা’ বলে আখ্যায়িত করে। নতুন মন্ত্রীদের শপথ নেয়ার প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, এতে চলমান সঙ্কটের সমাধান আসবে না। তাদের অধীনে নির্বাচনেও বিরোধী দল যাবে না।
সর্বদলীয় সরকার নিয়ে আপত্তির পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনের দাবিতেও শুক্রবার বিক্ষোভ করবে বিরোধী দল। বিএনপির শীর্ষনেতাদের মুক্তির দাবিও এই কর্মসূচিতে থাকবে।
নির্দলীয় সরকারের দাবিতে এর আগের তিন সপ্তাহে ১০ দিন হরতালের পর চলতি সপ্তাহে মিছিল-বিক্ষোভেই কর্মসূচি সীমাবদ্ধ ছিল ১৮ দলের।
শুক্রবারের আগে বিরোধী দলের পক্ষ থেকে আর কোনো কর্মসূচিও ঘোষণা করা হয়নি।
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির আট নেতার শপথের পর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তাকে মঙ্গলবার সময়ও দিয়েছেন রাষ্ট্রপতি।
তারপর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করে শুক্রবারের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন বিএনপির মুখপাত্র।
ফখরুল বলেন, “এই মন্ত্রিসভা মহাজোটের একদলীয় সরকারের নামান্তর মাত্র। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এ ধরনের মন্ত্রিসভার অধীনে বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না।
“যে একদলীয় মন্ত্রিসভা গঠন করা হয়েছে, এর প্রতিবাদ, নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে শুক্রবার সারাদেশে এই কর্মসূচি (বিক্ষোভ) হবে।”
বিরোধী দলের দাবি উপেক্ষা করে সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, “অনেকে এই মন্ত্রিসভাকে সর্বদলীয়, অনেকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে। আমরা মনে করি, এটি পুরনো মন্ত্রিসভা পুনর্গঠন ছাড়া কিছুই নয়।
“এটা কোনোমতেই সর্বদলীয় সরকার নয়। কারণ সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধী দলসহ চারটি দল এখানে নেই।”
‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠনের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বিকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, এটা মহাজোটের মন্ত্রিসভার ‘নতুন সংস্করণ’।
“সংবিধানে এ ধরনের সরকারের কোনো কথা লেখা নেই। এর সাংবিধানিক বৈধতাও নেই।”
ওই আলোচনা সভায় একই প্রশ্ন তোলেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকও।
সোমবার বঙ্গভবনে নতুন ছয় মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
একে একতরফা নির্বাচনের প্রয়াস দাবি করে তিনি বলেন, “একতরফা নির্বাচন করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এতে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
“একদলীয় নির্বাচন দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তা পাতানো নির্বাচন হিসেবে গণ্য হবে।”
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মুখপাত্র।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে ১৮ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহিম রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বর্তমান পরিস্থিতি এবং আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তাদের আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
