সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন থেকে এই আহ্বান জানান তারা।
উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলার সঙ্গে সরকার বা বিরোধী দলের যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাস চালানো হলেও প্রশাসন নির্বিকার রয়েছে।
প্রতিটি সহিংস ঘটনার পর রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপের মাধ্যমে ঘটনাকে ভিন্নখাতে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল মনসুর, নারীনেত্রী নূরজাহান খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, সাংবাদিক এম নাসিরুল হক, কবি কামরুল হাসান বাদল ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।
সমাবেশে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, খেলাঘর, বোধন আবৃত্তি পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, মহিলা পরিষদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।
