ফরিদপুরে ট্রাকচাপায় কারিগরি শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুর শহরে ট্রাকচাপায় এক কারিগরি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে টেপাখোলা এলাকায় এ দুর্ঘটনায় নিহত সাজ্জাদ মৃধা (১৫) ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, সকাল সোয়া ৮টার দিকে সাজ্জাদ সাইকেলে করে শহরতলির ব্রাহ্মণকান্দা এলাকায় তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় মুজিব সড়কে পশু হাসপাতালের সামনে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
দুর্ঘটনা জন্য দায়ী ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সাজ্জাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহসিনুল।
সাজ্জাদ শহরের ভাটিলক্ষ্মীপুরের প্রয়াত সালাউদ্দিন মৃধার ছোট ছেলে।
