নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
নিজ রাইফেলের গুলিতে খুলনার কয়রা থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে কয়রা থানা কম্পাউন্ডে এ ঘটনায় নিহত হন জুয়েল রানা (২৬)।
খুলনার পুলিশ সুপার মো. গোলাম রউফ খান বলেন, জুয়েল রানা (কং নং- ৯৮২) দায়িত্বপালন শেষে থানা কম্পাউন্ডের ব্যারাকে অবস্থান করছিল। হঠাৎ গুলির শব্দ পেয়ে অন্য পুলিশ সদস্যরা গিয়ে দেখেন রানার পেট ও পিঠে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, “সে আত্মহত্যা করতে পারে, অথবা অস্ত্র থেকে গুলি ছুটে গিয়ে তার গায়ে বিদ্ধ হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
কয়রা থানার ওসি ফজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
