পাবনায় ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার পুরাতন বাসস্ট্যাণ্ড মোড়ে এ সংঘর্ষ চলাকালে ১০/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে ও বেশকিছু দোকানপাট ভাংচুর করা হয়।
আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাস পাওয়া উপলক্ষে সন্ধ্যায় ঈশ্বরদী পৌর ছাত্রদল এক আনন্দ মিছিল বের করে।
মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে পথসভা চলাকালে ছাত্রলীগকর্মীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ঘটনার সময় ককটেলের স্প্লিন্টার লেগে ও দৌড়াদৌড়ির সময় অন্তত ১৫ জন আহত হয়।
এ ব্যাপারে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করে বলেন, “ছাত্রলীগকর্মীরা বিনা উস্কানিতে আমাদের মিছিলে হামলা করে।”
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ছাত্রদলই তাদের উপর হামলা চালিয়েছে।
