বরিশালে যুবক হত্যার ঘটনার মামলা দায়ের
বরিশালে খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় তিনদিন পর হত্যা মামলা হয়েছে।
রোববার নিহতের বাবা সেলিম গাজী বাদী হয়ে বরিশাল মহানগর বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
হত্যা মামলায় নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো চারজনকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সদরের চরকাউয়া ইউনিয়নে ব্যাডমিন্টন খেলা নিয়ে স্থানীয় কয়েকজন হিন্দু যুবকের সঙ্গে সংঘর্ষে পাশের চরআইচা গ্রামের সেলিম গাজীর ছেলে পারভেজ নিহত হন।
আহত হন তার ছোট ভাই পাভেল, একই এলাকার শামিম (২২) ও জাহিরুল (১৬)। রাতেই জাহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিরুলের মৃত্যু হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়লে চরআইচা গ্রামের সহস্রাধিক মানুষ কালিখোলায় হিন্দু সম্প্রদায়ের ১৬টি বসত ঘরে আগুন দেয়।
মামলার আসামিরা হলেন- কালিখোলা গ্রামের বাসিন্দা শংকর দাসের ছেলে পাভেল দাস (২০), ধীরেন চন্দ্র হালদারের ছেলে ধীমান হালদার (২০), গোপাল চন্দ্র হালদারের ছেলে পীযুষ হালদার (১৮), শংকর দাসের ছেলে সোহাগ দাস (২০), ঘটক পালের ছেলে রুহিদাস পাল (৩০), ধাম দাসের ছেলে সুমন দাস (২৩), কমল দাসের ছেলে সাগর দাস (২০), বিমল (৩৫) ও নাসির মোল্লার ছেলে রাজিব (১৬)।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাত ৯টার দিকে মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাটমিন্টন খেলার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা পারভেজকে ডেকে নেয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে।
এ সময় তার ছোট ভাই ও বন্ধুরা ছুটে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে আসামিরা।
