গাজীপুরে বাড়ি পোড়ালো শ্রমিকরা
মজুরি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে এবং শ্রমিকদের উপর হামলার জেরে গাজীপুরে পোশাক শ্রমিকরা অন্তত ৬০টি ঘর জ্বালিয়ে দিয়েছে। লুটপাট ও ভাংচুর করেছে অন্তত ২৫টি দোকানে।
রোববার বিকালে সদর উপজেলার কোনাবাড়ীর জরুন রোড এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
শ্রমিকদের ইটপাটকেলে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে স্থানীয় পোশাক কারখানার কয়েকহাজার বিক্ষুব্ধ শ্রমিক কোনাবাড়ি-জরুন রোডের অর্ধশত দোকানপাটে হামলা ও ভাংচুর চালায়।
পরে তারা স্থানীয় বাড়িওয়ালা কাউসার আলীসহ আশপাশের আরো কয়েকজনের অন্তত ৬০টি ঘরে অগ্নিসংযোগ করে।
গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, দুইঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৭টার দিকে আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
তবে আগুন নেভাতে ঘটনাস্থলের কাছে গেলে শ্রমিকদের ইটপাটকেলে তিনি নিজেসহ (আবু জাফর) গাড়ির চালক আব্দুর রহিম, ফায়ারম্যান মনির হোসেন ও দীপক আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, মজুরি বাড়ানোর আগেই স্থানীয় বাড়ির মালিক কাউসার আশপাশের মালিকদের সঙ্গে নিয়ে বাড়িভাড়া চার থেকে পাঁচশ টাকা বাড়িয়ে দেন।
মজুরি বোর্ড কর্তৃক বৃদ্ধি করা মজুরি না পাওয়ার কথা জানালেও তারা চলতি নভেম্বর মাস থেকেই শ্রমিকদের কাছে অতিরিক্ত বাড়িভাড়া দাবি করেন।
এ নিয়ে বাড়ির মালিকদের সঙ্গে শ্রমিকদের একাধিকবার বাকবিতণ্ডাও হয় বলে তিনি জানান।
ইসলাম কারখানার নিটিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মো. আইনুল আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শনিবার সকালে কয়েকটি কারখানায় বিক্ষোভের পর সন্ধ্যায় জরুন রোডের বালুর মাঠ এলাকায় জমায়েত হয় শ্রমিকরা। ওই সময় স্থানীয় বাড়ির মালিক কাউসারের নেতৃত্বে স্থানীয় লোকজন শ্রমিকদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।
তাদেরকে কালিয়াকৈরের সফিপুর শরীফ হাসপাতাল ও ক্লিনিকসহ বিভিন্নভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এর জেরে রোববার সকালে শ্রমিকরা কাউসারের বাড়ির সকল ভাড়াটিয়াদের বিকাল ৫টার মধ্যে ঘর ছেড়ে চলে যেতে বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমাযুন কবির জানান, বিকাল ৫টার দিকে শ্রমিকরা ছোট-বড় অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। পরে বাড়িঘরে আগুন দেয়।
অগ্নিসংযোগের পর র্যাব, পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয় এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের মাঠে গাড়ি পার্কিং করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে শ্রমিকদের বাধায় কয়েকবার ব্যর্থ হয়।
পরে লাঠিপেটা করে, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা।
