বেনাপোলে ‘বোমা তৈরিকালে’ বিস্ফোরণ, আহত ২
যশোরের বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন।
রোববার ভবেরবেড় গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ বিস্ফোরণে আহতরা হলেন উজ্জ্বল হোসেন (২২) ও তার ভাই আকাশ (২০)।
এ ঘটনার পর উজ্জ্বল হোসেন ও তার মা বেবীকে আটক করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উজ্জ্বল ও আকাশ বাসার ভেতর বোমা তৈরির সময় বিষ্ফোরণে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আকাশ পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বোমার আলামত, ৮৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তবে আটক উজ্জ্বল পুলিশকে জানান, বোমা তৈরির সময় এ বিস্ফোরণ হয়নি, বরং বাসায় কে বা কারা একটি বোমা রেখে গেলে তা বিস্ফোরিত হয়েছে।
উজ্জ্বলকে পুলিশ পাহারায় বেনাপোল রজনী ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ পরিদর্শক আরো জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
