ধর্ষিত পাহাড়ি কিশোরীর পরিবারের নিরাপত্তা দাবি
পাঁচদিন আগে মিরসরাইয়ে ধর্ষিত এক পাহাড়ি কিশোরীর পরিবারের নিরাপত্তা চেয়েছে তিনটি মানবাধিকার সংগঠন।
রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন।
গত ১২ নভেম্বর মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার ত্রিপুরা পাড়ায় এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
এঘটনায় ওই কিশোরীর বাবা অলিন্দ ত্রিপুরা বাদি হয়ে ১৩ নভেম্বর একটি মামলা করার পর রাতেই তার মৃত্যু হয়।
পুলিশ দাবি করেছে, অলিন্দ বিষপানে আত্মহত্যা করেছে।
ধর্ষণের ঘটনায় করা মামলায় আলাউদ্দিন ও জয়নাল আবেদিন নামের দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক শরৎ জ্যোতি চাকমা বলেন, ১২ নভেম্বর রাতে আদিবাসী পল্লীর ঘর থেকে বের হওয়ার পর জয়নাল আবেদিন ও আলাউদ্দিন কিশোরীকে ধর্ষণ করেন।
“ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ৯ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উল্লাহ চৌধুরী সারারাত মাসহ ধর্ষিতাকে তার ঘরের একটি কামরায় আটকে রাখে।”
তিনি অভিযোগ করেন, ধর্ষণকারীদের ঘনিষ্ঠ আশরাফ আলামত নষ্টের চেষ্টা করেছেন এবং বাদিকে ভয়ভীতি দেখান।
গত ১৫ নভেম্বর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, অলিন্দ ত্রিপুরা নিজে থানায় মামলা করেছেন। এটা তার দৃঢ় মনোবলের পরিচয়। তাই তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে আমাদের সন্দেহ আছে।
এক প্রশ্নের জবাবে শরৎ জ্যোতি বলেন, “পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বললেও ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত নয় বলে প্রতিনিধি দলকে জানিয়েছে।”
সংবাদ সম্মেলনে ধর্ষিতার পরিবারের নিরাপত্তাসহ ছয় দফা দাবি জানানো হয়।
অন্য দাবিগুলো হলো- ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, গ্রেপ্তার দুজনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও কার্যকর করা, অলিন্দ ত্রিপুরার মৃত্যু রহস্য উদঘাটন, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী ইউপি সদস্যকে বিচারের আওতায় আনা এবং আদিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।
