বেনাপোল সীমান্তে যুবকের লাশ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার বড়আঁচড়া গ্রামের শিবু ঘোষের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে সীমান্তের ১৮/৩ এসএ পিলারের কাছে আমবাগানে একটি গাছে ঝুলন্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এলাকাবাসী জানান, মৃত শিবু বিজিবির বিভিন্ন ক্যাম্পে খাবার (ভাত) সরবরাহের কাজ করতেন।
ঘটনাকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বন্দর থানার পরিদর্শক মহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তবে শিবুর স্ত্রী রত্না রানী দাবি করেন, তারা দুই ছেলে এক মেয়ে নিয়ে সুখেই বসবাস করছিলেন। তার স্বামীর আত্মহত্যার কোনো কারণ নেই।
