বাংলাদেশ নিয়ে ‘অন্যদের’ সঙ্গে আলোচনায় ভারত
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সঙ্গে নয়া দিল্লি আলোচনা চলছে বলে ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ জানিয়েছেন।
বাংলাদেশ নিয়ে নয়া দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও এই বিষয়ে শনিবারই প্রথম মুখ খুললেন ভারতের কূটনীতিক।
পঙ্কজ সরণের এই বক্তব্যের দিনই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফরে এসেছেন। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন তিনি।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঙ্কজ সরণ বলেন, “বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা চায়, এমন দেশগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি।
“এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের আলোচনা হচ্ছে।”
তবে কোন পর্যায়ে এই আলোচনা চলছে, সে বিষয়ে কিছ বলেননি হাইকমিশনার।
আগামী নির্বাচননিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিরোধে বাংলাদেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে কূটনৈতিক মহল থেকে সংলাপের তাগিদ দেয়া হচ্ছে।
ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ (ফাইল ছবি)
তবে ভারত-যুক্তরাষ্ট্র উভয় দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করতে চান না। তবে স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান তারা।
এনিয়ে আলোচনার মধ্যে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে ‘ধর্মরাজিক ডাইনিং হল-কাম-লাইব্রেরি ভবন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতের হাইকমিশনার।
