ফেনিতে বোমায় আহত ব্যক্তির মৃত্যু
ফেনীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত মো. আবুল কাশেম ওরফে জালি কাশেম (৪২) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ফুলগাজী থানার ওসি মো. সৈয়দুল মোস্তফা ।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের পেয়ার আহম্মদ ডিলারের বাড়ির পাশে অগভীর নলকুপ ঘরে বসে বোমা তৈরির সময় এ বিস্ফোররণ ঘটে।
ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
আবুল কাশেম ফুলগাজীর মুন্সিরহাট ইউনয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে ।
এলাকাবাসী জানায়, বিএনপি সমর্থক কাশেম টাকার বিনিময়ে বোমা তৈরির কাজ করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলগাজী থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে গত বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
