২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বিবেচনার আবেদন নিজামীর

জামায়াত আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার কার‌্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছন তার আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:00 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

নিজামীর আইনজীবী তারিকুল ইসলাম বৃহস্পতিবার ট্রাইব্যুনোলের রেজিস্ট্রারের কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী মিজানুল ইসলামের শারীরিক অসুস্থতার কথা বলা হয়। এছাড়া মামলা সমাপ্ত ঘোষণার আদেশটি বাতিল করে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ দেয়ারও আবেদন জানানো হয়।

আসামিপক্ষের আইনজীবীরা পরপর চারদিন যুক্তিতর্ক উপস্থাপনের নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকার পর বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার এ মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

পাঁচদিনের মধ্যে আসামিপক্ষকে লিখিত যুক্ততর্ক জমা দিতে বলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারক।

ট্রাইব্যুনাল বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এর আগে চারবার সময় দেয়া হয়েছে আসামিপক্ষকে।কিন্তু তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তাই এ মামলার কার‌্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হলো।

আদেশের পরে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, হরতালের মধ্যে জীবনের ঝুঁকির কারণে আইনজীবীরা আদালতে উপস্থিত হন না। অথচ ট্রাইব্যুনাল এতো বড় একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করলেন।

এটা সুষ্ঠ বিচার প্রক্রিয়াকে ‘বাধাগ্রস্ত’ করবে বলেও তিনি মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ঘটনাও রয়েছে।

পুরনো খবর:

এবার নিজামীর রায়