নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচন অফিসে আগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরনো ব্যালট পেপারসহ পরিত্যক্ত নথিপত্র।
বুধবার রাত ৩টার দিকে নির্বাচন অফিসের গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম।
এটা নাশকতা না কী দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
গাউছুল আযম বলেন, “নির্বাচন অফিসের গুদামে আগুন দেখতে পেয়ে নিরাপত্তা প্রহরীরা খবর দিলে স্থানীয়দের সহায়তায় আমরা তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করি। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নেভায়।”
আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র পোড়েনি জানিয়ে তিনি বলেন, যেসব কাগজপত্র পুড়েছে তা অনেক পুরনো। অনেক আগেই বিক্রি করে দেয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন অফিসার তকদির আহমেদ জানান, গুদাম ঘরে মূলত ১৯৯৫ সালের ভোটার লিস্ট, ব্যালট পেপারসহ আনুসাঙ্গিক কাগজপত্র ছিলো। বিক্রির জন্যই সেগুলো ‘স্টোর রুমে’ রাখা হয়েছিল।
শহরের মণ্ডলপাড়া ফায়ার ব্রিগেড স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিয়াজ মোহাম্মদ জানান, আগুন নেভানো হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আগুনের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “এগুলো অনেকদিন ধরে রেখে দেওয়া ঠিক হয়নি। বড় ধরণের ক্ষতি হতে পারতো।”
এটা নাশকতা কিনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
