‘পদত্যাগী’ মন্ত্রীদের কাজ না করতে ৩ নোটিস
পদত্যাগপত্র জমা দেয়া মন্ত্রীদের মন্ত্রী হিসাবে কাজ না করতে তিনটি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
এর মধ্যে প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র জমাদানকারী মন্ত্রীদের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে বাদ দিতে বুধবার উকিল নোটিস দিয়েছেন তুহিন মালিক। তার পক্ষে আইনজীবী হিসাবে রয়েছেন রুহুল কুদ্দুস কাজল।
নোটিসে পদত্যাগপত্র জমাদানকারী সকল মন্ত্রীদের বিবাদী করা হলেও পাঠানো হয়েছে কেবল মন্ত্রিপরিষদ সচিবের ঠিকানায়। বাকী বিবাদীদেরকে অনুলিপি দিতে নোটিসে তার প্রতি অনুরোধ করা হয়।
নোটিসে মন্ত্রী হিসাবে কাজ না করার অনুরোধ জানানোর পাশাপাশি ‘মন্ত্রী হিসাবে কাজ করছি না’ মর্মে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে বিবৃতিও চাওয়া হয় সব মন্ত্রীর কাছে। নইলে তা আদালতের দৃষ্টিতে আনার কথা জানানো হয় এতে।
নোটিসে বলা হয়, সংবিধানের ৫৮(১) তে রয়েছে, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন। তাই প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র দেয়ার পরই বিবাদী সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদ শুন্য হয়ে গেছে। তাই পদত্যাগীরা এখন আর মন্ত্রী নন।
“কিন্তু আমার মক্কেল উদ্বেগের সঙ্গে দেখছেন, পদত্যাগের পরও মন্ত্রীরা সকল দাপ্তরিক প্রোটোকল এবং অর্থনৈতিক সুবিধাসহ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা অবৈধ, অনৈতিক, অসাংবিধানিক এবং আইনের শাসনের পরিপন্থি।”
অন্য এক আইনজীবী আব্দুল্লাহ আল বাকীর পক্ষে অ্যাডভোকেট মো. ফারুক হোসেন মন্ত্রিপরিষদ সচিবকে বুধবার অন্য একটি নোটিস দিয়েছেন।
ওই নোটিসে পদত্যাগকারী মন্ত্রিদের পদ শূন্য ঘোষণা করতে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়। নইলে আদালতে যাওয়ার কথা জানানো হয়।
এর আগে জুলফিকার আলী জুনু নামে অন্য এক আইনজীবীও মঙ্গলবার একই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে একটি নোটিস পাঠান।
