ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে সমাবেশ
ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে আশুলিয়ায় সমাবেশ করেছে শ্রমিকরা।
বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে এই সমাবেশের আয়োজন করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সংগঠনটির সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান।
মঞ্জুরুল আহসান খান সমাবেশে বলেন, সরকারের উচিত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা মেনে নেয়া। অতীতে মজুরি বৃদ্ধির ফলে বন্ধ থাকা শতাধিক পোশাক কারখানা চালু হয়েছে এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকরা মেহনতি মানুষের সংগ্রামী অংশ। কিন্তু তাদের আন্দোলনের বড় দুর্বলতা তারা ‘ভুষ করে ওঠে, ফুঁস করে নিভে যায়’।
৪০ লক্ষ শ্রমিককে একযোগে ধর্মঘট করার আহ্বান জানান এবং বিচ্ছিন্নভাবে কারখানা বন্ধ না করে ২১ তারিখের পর সর্বাত্মক ধর্মঘট পালন করতে বলেন।
শ্রমিকদের অন্য দাবিগুলো হল বেতনের সমপরিমাণ বোনাস, নারী-পুরুষের নিয়োগ বৈষম্য দূরীকরণ, আন্দোলনকারী শ্রমিকদেরকে হামলা-মামলা, ছাঁটাই ও নির্যাতন বন্ধ করা।
দাবি মেনে না নিলে সারাদেশের ৪০ লাখ শ্রমিককে সঙ্গে নিয়ে আন্দোলন চালানোর হুমকি দেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, কার্যকরী কমিটির সভাপতি সাদেকুর রহমান প্রমুখ।
