বাগযুদ্ধ না করে আদালতে যাওয়ার পরামর্শ যোগাযোগ মন্ত্রীর
মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বাগযুদ্ধ না করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরও সমালোচকদের আদালতের যাওয়ার পরামর্শ দিয়েছেন।
বুধবার দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বাগযুদ্ধ করে বিদেশিদের কাছে দেশকে ছোট না করে আদালতে যান।
আদালত যে রায় দেবে তারা তা মেনে নেবেন বলে জানান।
চৌমুহনীতে মাঝারী শহর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নবনির্মিত উচ্চ জলাধার ও পানি শোধণাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন ঢেউহনী নদীর মতো। এ ধরনের নির্বাচন করার ইচ্ছে সরকারের নেই।
প্রধান বিরোধী দলকে প্রধান প্রতিপক্ষ ভেবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেন তিনি।
সভায় পৌর মেয়র মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ উপস্থিথ ছিলেন।
গত মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, সংবিধান মেনেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়া হয়েছে, তবে সেটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন না হওয়া পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত সই না করবেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করবেন।
দুই ধরনের পদত্যাগ আছে, একটি হল- তিনি (মন্ত্রী) স্বইচ্ছায় নিজেকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নিতে চান, সেজন্য সরাসরি পদত্যাগপত্র দিবেন। আরকেটি হল- প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের পুনর্গঠন করার জন্য বা কাউকে বাদ দেয়ার জন্য পদত্যাগের আহ্বান জানাতে পারেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে ‘তারিখবিহীন’ পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা, যার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
প্রধানমন্ত্রীর হাতে মন্ত্রীদের পদত্যাগপত্র দেয়া নিয়ে বিভিন্ন মহল থেকে ‘সাংবিধানিক’ প্রশ্ন ওঠার পর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সেগুলো আদতে পদত্যাগপত্রই নয়, কেননা তা রাষ্ট্রপতির বরাবরে দেয়া হয়নি। কেবল রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য পদত্যাগপত্র দিলেই তা কার্যকর হয়।
