ঢাকা আসছেন নিশা দেশাই
আগামী সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
রবার্ট ও ব্লেকের উত্তরসূরি ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন।
এমন একটি সময়ে তিনি আসছেন যখন নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার আবর্তে দেশ।
সংকট সমাধানে সংলাপে বসতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিসওয়াল তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
“টোকিং সফর শেষ করে তিনি তার প্রথম বাংলাদেশ সফর করবেন,” বলেছে পররাষ্ট্র দপ্তর।
ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের দিনক্ষণ স্পষ্ট করেনি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৬ নভেম্বর নিশা দিশাই ঢাকা পৌঁছাবেন বলে তারা আশা করছেন।
১৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠক রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
এর বাইরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন। সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি ব্যুরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারএ্যাকশনেও কাজ করেছেন।
