২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার বেলা ১টার দিকে এ সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, তাহিরুল ইসলাম ও সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন রতন বলেন, “বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরে হরতাল সমর্থনে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। এ সময় ‘পোশাকধারী সন্ত্রাসীরা মাঠে নামিস না’ বলে কর্মীরা শ্লোগান দিলে পুলিশ লাঠিপেটা করে।

“এতে দলের ২০ নেতাকর্মী আহত হয়।”

পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রদলের সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বেলা সাড়ে ১২টায় রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপির মিছিল থেকে ৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ টিয়ারগ্যাস ও রবার বুলেট ছুঁড়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।