দুই ট্রেনের সংঘর্ষ: বরখাস্ত ৪, তদন্ত কমিটি
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে সীমান্ত ও একতা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনার পরপরই রেলে পশ্চিমাঞ্চলীয় জোন একটি, রেলওয়ে পাকশী অঞ্চল একটি এবং দিনাজপুর জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে বলে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান।
দুর্ঘটনার পর জেলা প্রশাসক নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে চারজনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলের প্রধান নির্বাহী কর্মকতা হাসান মনসুর জানান, ফুলবাড়ীর স্টেশন মাস্টার আব্দুল হামিদ, একতার পরিচালক (গার্ড) আজিজুর রহমান, লোকো মাস্টার (চালক) আব্দুল করিম, ও তার সহকারী শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ী রেল স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানো ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস লাইন ‘ক্লিয়ার’ পেয়ে ভোর পৌনে ৪টার দিকে ওই লাইনে ঢুকে পড়ে।
ফলে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সীমান্ত এক্সপ্রেসের একটি এবং একতার তিনটি বগি লাইন থেকে উল্টে যায়।
এতে গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে।
