ব্যবসায়ী নিহতের পর সাদুল্লাপুরে হরতাল শিথিল
গভীর রাতে দুর্বৃত্তের হামলায় স্থানীয় এক ব্যবসায়ী নিহত হওয়ার পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃতীয় দিনের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সোমবার গভীর রাতে দক্ষিণ সাহাপাড়া এলাকায় ব্যবসায়ী সুবল চন্দ্র সাহা (৭০) নিহত হন।
উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাছান মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহতের বাসায় উপস্থিত হয়ে মঙ্গলবার হরতাল না করার ঘোষণা দেন।
তিনি বলেন, মঙ্গলবার তারা উপজেলায় হরতাল প্রত্যাহার করেছেন। তবে বুধবার আবারো যথারীতি হরতাল পালন করা হবে।
এদিকে সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ওই ব্যবসায়ীর বাসায় সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের ছেলে সুবাস চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে বাসায় তার বাবা একা ছিলেন। পরিবারের অন্য সদস্যরা একটি ধর্মীয় উৎসবে অংশ নিতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়া গ্রামে তার বোনের বাড়িতে ছিলেন।
“খবর পেয়ে ভোররাতে এসে দেখি বাবা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন।”
তিনি জানান, তিনি বাসায় ফিরে জানালার গ্রিল কাটা দেখতে পান। বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণাংলকার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে সুবল সাহার চিৎকার শুনে তারা এসে দেখেন শাড়ি দিয়ে সুবলের হাত-পা বাঁধা। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান সুবল।
