চলন্ত বাসে আগুন, ৭ জন দগ্ধ
রাজধানীর মাতুয়াইলে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে হরতালকারীরা, যাতে দগ্ধ হয়েছেন সাতজন।
বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী কোমল পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার ইলিয়াস শরীফ জানান, বাসে আগুন দেয়ার পরপরই পাশের একটি সিএনজি ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা হয়। এরই মধ্যে ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন পুরোপরি নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চলন্ত গাড়িতেই এ আগুন দেয়া হয়। যাত্রীবেশে কেউ পেট্রোল বা গান পাউডার ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আহত সাত আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- ঢাকা পলিটেকনিক ইস্টিটিউটের ছাত্র তারেক আহমেদ (২০), ইডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া আকতার (২৪), প্রকৌশলী মো. শুভ (২৯), আব্দুর রহিম (৩০), আব্দুল মান্নান (৩৩), আবু বকর সিদ্দীক (৩০) এবং আবুল কালাম (৪০)।
তাদের মধ্যে তারেক, রাবেয়া ও শুভ তুলনামূলকভাবে বেশি দগ্ধ হয়েছেন বলে বার্ন ইউনিটের চিকিৎক পার্থ শংকর জানান।
