পোশাক খাতের উন্নয়নে ‘প্রভাব খাটানোর’ আহ্বান ব্রিটিশ এমপিদের
তৈরি পোশাক কর্মীদের উন্নয়নে শ্রমিক অধিকার, ন্যূনতম মজুরি, আইনের যথাযথ প্রয়োগ এবং কারখানায় অগ্নি ও অবকাঠামোগত নিরাপত্তায় নেয়া ত্রিপক্ষীয় কর্ম পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ওপর প্রভাব খাটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় কমিটি।
সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় কমিটি সোমবার হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন তুলে ধরে।
এতে বলা হয়, রানা প্লাজা বিপর্যয় থেকে বাংলাদেশের শিক্ষা নেয়া উচিত।
“তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়নে তাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”
আর তা না হলে দেশের দ্রুত বর্ধনশীল এই খাতে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ হারাতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
রানা প্লাজা ধসে ১১ শ’র বেশি মানুষ প্রাণ হারানোর পর বাংলাদেশের পোশাক খাত নিয়ে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে সোচ্চার হয় পোশাক আমদানিকারক দেশগুলোও।
এরই এক পর্যায়ে কনজারভেটিভ এমপি অ্যানে মেইনের নেতৃত্বে ছয় সদস্যের ব্রিটিশ পার্লামেন্টের ওই প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীসহ দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত কয়েকজন ছিলেন ওই প্রতিনিধি দলে।
তাদের সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানায় কাজের ধরন, ব্যবস্থাপনার কৌশলের উন্নয়ন এবং শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে পণ্য সরবরাহ ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে ব্রান্ডগুলোকে (পশ্চিমা আমদানিকারক) অবশ্যই বিনিয়োগ করতে হবে।
কারখানায় সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতে মালিকপক্ষ ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি পরিচালনা কাঠামোতে শ্রমিক প্রতিনিধিত্ব রাখার সুপারিশ করা হয়েছে।
কারখানায় নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের পরিদর্শন দপ্তর ও ক্রেতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের প্রতি সবচেয়ে উন্নত পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রমিকদের সুবিধা-অসুবিধা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মপরিবেশের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যে উদ্যোগ নিয়েছে তাতে অংশীদার হতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্রিটিশ এমপিরা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার এবং আগামী নির্বাচনোত্তর পরবর্তী সরকারকে পোশাক খাতের অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা গড়ে তুলতে হবে।
কারখানায় অগ্নি ও অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্যে গৃহীত বাংলাদেশের জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএবি) প্রতি আহ্বান জানিয়ে তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে।
ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক খাতে তৈরি হওয়া অসন্তোষ দূর করতে এ খাতকে সরাসরি একটি মন্ত্রণালয়ের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
এছাড়া সরাসরি একটি মন্ত্রণালয়ের আওতায় পর্যাপ্ত তহবিলসহ দুর্যোগ, ত্রাণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনে স্বচ্ছতা এবং জবাবদিহির অভাবের কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সাব-কন্ট্রাক্টিং ব্যবস্থা একটা সমস্যার কারণ হয়ে উঠেছে। এক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ নেয়া প্রয়োজন।
ব্রান্ডগুলোকে তাদের ক্রয় নীতিমালার ক্ষেত্রে ব্যবসার নৈতিক দিক এবং মানবাধিকারের বিষয়গুলোতে গুরুত্ব দেয়ার জন্যও প্রতিবেদনে আহ্বান জানানো হয়।
সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তৈরি পোশাক শিল্প।
“২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশের যে লক্ষ্য বাংলাদেশ নির্ধারণ করেছে তা অর্জনে পোশাক শিল্প নেতৃত্ব দেয়ার সক্ষমতা রাখে… কিন্ত সার্বিকভাবে এর আধুনিকায়নের মাধ্যমেই সেটা সম্ভব।”
